জেলা প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৬, ০৯:৩৯ এএম
মুসলমানদের নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেম ও গবেষক মুফতি আলী হাসান উসামা। তিনি বলেন, বিভক্তি নয়; বরং ঐক্যবদ্ধ থাকাই রাসুলের শিক্ষা।
বুধবার (২৬ আগস্ট) রাতে টাঙ্গাইল পৌর শহরের নিরালা মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে সিরাত মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী হাসান উসামা রাসুলের বিখ্যাত সাহাবী হারিসুল আশআরী রা. বর্ণিত রাসুল সা. এর একটি হাদিস উল্লেখ করেন বলেন, যেখানে আল্লাহ তাআ’লা তার রাসুলকে ৫টি কাজের আদেশ দিয়েছেন। রাসুল (সা.) তার উম্মতকে সেই ৫টি কাজের আদেশ দিয়েছেন। যার প্রথমটি হলো- শোনা বা মেনে নেওয়া, দ্বিতীয়টি আনুগত্য করা, তৃতীয়টি জিহাদ করা, চতুর্থটি হিজরত করা এবং পঞ্চমটি জামায়াত বদ্ধ হওয়া বা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করা।
এ সময় টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে ও অধ্যাপক ইকবাল হোসাইন বাদলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিভাগের সেক্রেটারি জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী।
প্রধান অতিথি মাওলানা খলিলুর রহমান বলেন, রাসুল (সা.) সবার জন্য ছিলেন আদর্শ ব্যক্তিত্ব। সে সময় নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। রাসুল (সা.) সে অন্ধকার যুগের সমাপ্তি ঘটিয়ে নারীদের সর্বোচ্চ সম্মান প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মডেল উপস্থাপন করেছিলেন।
তিনি আরও বলেন, আজকের বাংলাদেশেও তাই রাসুলের অনুসরণের মধ্য দিয়ে ন্যায়, ইনসাফ ভিত্তিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই।
সিরাত মাহফিলে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম এমপি, জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, কর্মপরিষদ সদস্য আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, মাওলানা আব্দুস সালাম প্রমুখসহ বক্তব্য রাখেন।
প্রতিনিধি/টিবি