জেলা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৬, ০২:৫২ পিএম
সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানার ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিন (৬৫) হত্যা মামলায় জালাল আহমদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জালাল আহমদের বাড়ি সুনামগঞ্জে। তিনি সিলেটের শাহপরাণ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, জালালকে গ্রেফতারের পর হত্যাকাণ্ডের কারণ নিয়ে নতুন তথ্য পাওয়া গেছে। এদিকে জালালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে এক পুলিশ সদস্যের পাশে বসে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখা যায়।
ভিডিওতে জালাল দাবি করেন, স্থানীয় এক নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। ওই নারী একজন বাবুর্চির স্ত্রী ছিলেন এবং তার স্বামী মারা গেছেন। হোটেলে কাজের সূত্রে ওই নারীর সঙ্গে তার পরিচয় ও পরে সম্পর্ক গড়ে ওঠে।
জালালের দাবি, ব্যবসায়ী শাহাব উদ্দিন প্রায়ই ওই নারীকে তার দোকানে চা-পান খাওয়াতেন। বিষয়টি তিনি ভালোভাবে নেননি। এ নিয়ে শাহাব উদ্দিনকে প্রশ্ন করলে তিনি তাকে গালিগালাজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি শাহাব উদ্দিনকে হত্যা করেন।
তবে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘আসামির দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, গত রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিও তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১টার দিকে ইসলামাবাদ এলাকায় নিজ বাসার কাছে শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী লিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের দোকান ছিল। সেখানে তিনি চা-পানও বিক্রি করতেন। পরিবার নিয়ে তিনি ইসলামাবাদ এলাকায় বসবাস করতেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
প্রতিনিধি/এসএস