Dhaka Mail Logo

সারাদেশ

শরীয়তপুরে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল, মোটরসাইকেলসহ আটক ৩

জেলা প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৬, ০৭:৪৫ এএম

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা ঢাকা-শরীয়তপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিওতে বিক্ষোভ মিছিলের দৃশ্য দেখা যায়। ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘আজকের এই দিনে, মুজিব তোমায় পড়ে মনে’—এমন স্লোগান দিতে শোনা যায়।

ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলে শতাধিক মানুষ অংশ নেন। তাদের হাতে থাকা ব্যানারে ‘১৫ আগস্ট শোক র‍্যালি’ লেখা ছিল। ব্যানারে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও দেখা যায়।

স্থানীয় সূত্রের দাবি, শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নির্দেশনায় এবং শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সংগঠক শেখ সেলিমের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল করা হয়। তবে এ বিষয়ে ইকবাল হোসেন অপু ও শেখ সেলিমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে শরীয়তপুর সদর উপজেলার তুষার আহমেদ রাতুল (২৩), আল আমিন সরদার (২৬) ও রিয়াদ মুন্সি (৪৯) নামের তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে তিনটি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। ঘটনাস্থল নড়িয়া থানার আওতাধীন হওয়ায় আটক ব্যক্তিদের মোটরসাইকেলসহ নড়িয়া থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। নড়িয়া থানা পুলিশ তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

প্রতিনিধি/টিবি