জেলা প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৬, ০৯:২৯ পিএম
ময়মনসিংহ নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ২৭ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে পৃথক আদেশে তাঁদের জনস্বার্থে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন উপপরিদর্শক (এসআই), পাঁচজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ১৭ জন কনস্টেবলসহ মোট ২৭ জনকে পৃথক অফিস আদেশে জনস্বার্থে বদলি করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফাঁড়িটিতে নতুন পুলিশ সদস্যদের পদায়ন করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট ময়মনসিংহ নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির আওতাধীন গাঙ্গিনারপাড় এলাকায় ঝটিকা মিছিল করেন যুবলীগের নেতা-কর্মীরা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের এই কর্মসূচির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফাঁড়ির ইনচার্জসহ কর্মরত সবাইকে বদলি করা হয়েছে।
এদিকে ২১ আগস্টের ওই বিক্ষোভ মিছিলের পর গত চার দিনে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ, মাসুদ, সাংস্কৃতিক জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক ও তানভীর ওরফে লিমন রয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম জানান, ২১ আগস্ট নগরীতে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। মামলায় উপপরিদর্শক মাজহার বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করেছেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
ওসি বলেন, গত চার দিনে ওই মামলায় ২০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এআর