জেলা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৬, ০৩:৩২ এএম
কুমিল্লার লালমাইয়ে পুলিশের আয়োজিত মাদকবিরোধী সমাবেশে বক্তব্য রাখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আবদুল মালেক নামের এক শিক্ষক মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিকেলে লালমাই উপজেলার বেলঘর দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবদুল মালেক পার্শ্ববর্তী লাকসাম পৌরসভার পাইকপাড়া গ্রামের বাসিন্দা এবং সুরুজ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বেলঘর দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে লালমাই থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী একটি সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, ভূশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রদীপ চক্রবর্তী, লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার উল্যাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদ জাবেদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নওগাঁয় ভটভটি উল্টে যাত্রী নিহত, আহত চালক
বিকেল সাড়ে চারটার দিকে অধ্যক্ষ আবদুল মালেক মঞ্চে দাঁড়িয়ে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে বক্তব্য দেওয়া শুরু করেন। বক্তব্যের একপর্যায়ে হঠাৎ তিনি মঞ্চে মেঝেতে ঢলে পড়েন। উপস্থিত লোকজন ও পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, বক্তৃতাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক বা হার্ট অ্যাটাক) তার মৃত্যু হয়েছে।
ঘটনার বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, তিনি যখন অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য রাখছিলেন, তখন আমিসহ অন্যান্য অতিথিরা মঞ্চেই উপস্থিত ছিলাম। হঠাৎ করেই তিনি মেঝেতে ঢলে পড়েন। হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তার এই হঠাৎ মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। মঙ্গলবার সকালে তার নিজ গ্রামে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
প্রতিনিধি