Dhaka Mail Logo

সারাদেশ

রংপুরে ৪ খুন: পুলিশ কর্মকর্তা ও ‘খুনি’র গায়ে একই শার্ট!

জেলা প্রতিনিধি

২৪ আগস্ট ২০২৬, ০৮:১৯ পিএম

রংপুরের আলোচিত জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের হত্যাকাণ্ডে গ্রেফতার দুই আসামির একজনের পরনে থাকা শার্ট এবং একই রঙের ও ডিজাইনের শার্ট মহানগর গোয়েন্দা পুলিশ প্রধানের শার্ট নিয়ে ফেসবুকে ও জনমনে নানা প্রশ্ন উঠেছে। অনেকে এটিকে কাকতালীয় বললেও কেউ কেউ প্রশ্ন তুলছে। 

অন্যদিকে পুলিশের কর্মকাণ্ডকে বিব্রত করতে একটি মহল প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ ওই রঙের শার্ট পরিহিত পুলিশ কর্মকর্তার।

আলোচনায় যেভাবে শার্টকাণ্ড
আলোচিত ৪ জনকে হত্যার ঘটনায় মরদেহ উদ্ধারের দিন একই ধরনের শার্ট পরা এক ব্যক্তিকে সিঁড়িসহ পুরো বাসায় বিচরণ করতে দেখা যায়। পরে জানা যায়, ওই ব্যক্তি রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান সনাতন চক্রবর্তী। পরের দিন দুপুরে হত্যার সঙ্গে জড়িত অভিযুক্তের একজন সিদ্ধার্থের পরনেও একই রঙের ও ডিজাইনের শার্ট পরনে দেখা যায়। 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ বলছে কাকতালীয়। আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন ভিন্নভাবে।

তবে পুলিশের দাবি, একই ধরনের শার্ট একাধিক ব্যক্তির পরনে থাকা অস্বাভাবিক কিছু নয়। তাই শুধু শার্টের মিলকে কেন্দ্র করে এইরকম ঘটনায় আলোচনা করা ঠিক নয়।

এ বিষয়ে সাংবাদিকদের রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান সনাতন চক্রবর্তী বলেন, যারা এই শার্ট নিয়ে সন্দেহ পোষণ করছেন, তাদের উদ্দেশ্য বলছি- ‘এটা পুলিশকে বিভ্রান্ত করতে একটি স্বার্থন্বেষী মহল প্রচারণা চালাচ্ছেন। আমিও লাশ উদ্ধারের দিন এই শার্ট পরেছিলাম, আজও পরেছি। এই শার্টের সঙ্গে চারজন হত্যার ঘটনার তদন্ত  কিংবা আটক ব্যক্তির জবানবন্দির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।’

প্রতিনিধি/এলএ