জেলা প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৬, ০৭:০৮ এএম
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনার রেশ না কাটতেই বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় মো. আলাউদ্দিন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১৬ আগস্ট ইয়ার্ডে কাজ করার সময় তিনি আহত হয়েছিলেন।
আলাউদ্দিন সীতাকুণ্ডের কুমিরা এলাকার বাসিন্দা।
জানা গেছে, সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় অবস্থিত বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় গত ১৬ আগস্ট ভারি লোহার আঘাতে গুরুতর আহত হন আলাউদ্দিন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়। কিন্তু গত এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর রোববার তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বলেন, বারাকার ইয়ার্ডে কাজ করার সময় আহত আলাউদ্দিন এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি