Dhaka Mail Logo

সারাদেশ

রফিক মিয়ার বাঁশের বেড়ায় অবরুদ্ধ মন্টু কর্মকারের পরিবার!

জেলা প্রতিনিধি

২১ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম

জায়গা নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় যাতায়াতের পথ বন্ধ করে এক হিন্দু পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। শৌচাগার ও নলকূপ প্রভাবশালী প্রতিবেশীর বেষ্টনীর ভেতরে পড়ায় দুর্ভোগে পড়েছেন বাড়িটির বাসিন্দরা। 

১২ দিন ধরে উপজেলার হরিপুর ইউনিয়নের কর্মকারপাড়ার মন্টু কর্মকার ও তাঁর পরিবার মানবেতর জীবনযাপন করছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হরিপুর ইউনিয়নের কর্মকারপাড়ার বাসিন্দা মন্টু কর্মকার ২০০৩ সালে চাচাতো ভাই উত্তম রায়ের কাছ থেকে সাবেক ১৮৯৭ দাগে ৬ দশমিক ৩৩ শতাংশ জমি বায়না দলিল মূলে ক্রয় করেন। 

২০১৪ সালের ২৩ ডিসেম্বর দলিল লেখক আশিকুর রহমানের মাধ্যমে দলিল সম্পাদন করেন। দলিলে বিক্রেতা উত্তম রায় স্বাক্ষরও করেন এবং মন্টু কর্মকার জায়গা কেনার ৩ লাখ ৫৬ হাজার টাকা পরিশোধও করেন। কিন্তু সাব-রেজিস্ট্রারের কাছে জমা দেওয়ার আগেই উত্তম এলাকা ছেড়ে চলে যান। ফলে দলিলটি নিবন্ধন হয়নি। 

২০১৭ সালে উত্তম একই জমি প্রতিবেশী সৌদিপ্রবাসী রফিক মিয়ার কাছে আবার বিক্রি করে দেন উত্তম। বিষয়টি জানতে পেরে মন্টু কর্মকার আদালতে দুটি পৃথক মামলা করেন। এতে রফিকের লোকজন ক্ষুব্ধ হন। 

গত ৯ আগস্ট রফিকের পরিবারের লোকজন মন্টু কর্মকারের ঘরের দরজার সামনে বাঁশের বেড়া দেন। এতে মন্টুর পরিবারের যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। ফলে মন্টুর পরিবারের নারী, শিশু ও বৃদ্ধসহ পরিবারের সদস্যরা কার্যত বন্দি হয়ে পড়েন। এমনকি পরিবারের ব্যবহারের শৌচাগার ও নলকূপটি প্রতিবেশী রফিকের দেওয়া বেষ্টনীর ভেতরে পড়ে যায়। যে কারণে চরম সংকটে পড়েছেন ভুক্তভোগী এই হিন্দু পরিবারের সদস্যরা। 

মন্টু কর্মকারের পরিবারের লোকজন জানান, ঘরের চৌকাঠ পেরোতেই সামনে প্রতিবেশী রফিকের দেওয়া ২০ ফুট লম্বা বাঁশ ও টিনের বেড়া। উঠান থেকে বের হওয়ার পথটিতেও দেওয়া হয়েছে ২৫ ফুট দীর্ঘ বাঁশের বেড়া। শুধু যাতায়াতের পথই নয়, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বাড়ির একমাত্র শৌচাগারটি। বাড়ির নলকূপটি এখন আর চেনার উপায় নেই। পরিত্যক্ত টিন আর ময়লার ভাগাড় দিয়ে সেটি ঢেকে রাখা হয়েছে।

ভুক্তভোগী সুবর্ণা কর্মকারের ভাষ্য, ৯ আগস্ট দিনের বেলায় ঘরের দরজায় তালা লাগিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয়। পরে পুলিশের সহায়তায় ঘরে আসতে পারলেও বাঁশ আর টিনের বেড়া সরানো হয়নি। দিনের আলোয় শৌচাগার ব্যবহারের কোনো উপায় আমাদের নেই। লোকলজ্জা চেপে রাতে প্রাকৃতিক কাজ সারতে পাশের পুকুরপাড়ে ছুটতে হয়। আর এক ফোঁটা খাবার পানির জন্য কলস নিয়ে প্রতিদিন প্রতিবেশীদের দুয়ারে যেতে হচ্ছে।

মন্টু কর্মকার বলেন, ২০১৪ সালে দলিল করার সময় উত্তমকে ৩ লাখ ৫৬ হাজার টাকা পরিশোধ করি। কিন্তু দলিলে স্বাক্ষর করলেও সম্পাদনের আগেই উত্তম চলে যায়। এরপর দলিলটি আর নিবন্ধন হয়নি। অনিবন্ধিত দলিল দিয়ে আদালতে আমি মামলা করেছি। বর্তমানে রফিক মিয়ার লোকজন বাড়ির চারদিকে বাঁশ ও টিন দিয়ে বেড়া দিয়েছে। মামলা ও বাড়াবাড়ি করলে আমাকে হত্যা করবে বলেও হুমকি দিয়েছে। পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি।

প্রবাসী রফিক মিয়া সৌদি আরব থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

তবে তার স্ত্রী জানাহারা বেগমের ভাষ্য, আমাদের জায়গায় আমরা বেড়া দিয়েছি। আমরা মন্টুর কোনো জায়গায় বেড়া দেয়নি। হামলা-মামলা করলে খুন করা হবে এমন অভিযোগ সত্য না।  

বিক্রেতা উত্তম রায় দাবি করেন, মন্টু জালিয়াতি করে তার কাছ থেকে দলিলে স্বাক্ষর নিয়েছিলেন। তাই আমার জমি রফিকের কাছে তিনি বিক্রি করেছি। মন্টুর সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি। 

স্থানীয় বাসিন্দা তাউস মিয়া বলেন, এই জায়গা প্রথম মন্টু কিনেছে। পরে রফিকের কাছে একই জমি বিক্রি করে দিছে উত্তম।

সালিশকারক সুজন পাঠান বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও কোনো পক্ষই ছাড় না দেওয়ায় সমাধান হয়নি।

হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক মিয়া বলেন, উত্তম রায় থেকে মন্টু কর্মকার জায়গা কিনেছেন বলে শুনেছি। মন্টুর কাছে দলিল বা বায়নাপত্র রয়েছে। পরে একজন মুসলমান লোক এগিয়ে গিয়ে উত্তমের কাছ থেকে একই জায়গা আবার কিনেছে বলেও শুনেছি। উভয়পক্ষ ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করব।

নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) ও হরিপুর ইউনিয়নের বিট কর্মকর্তা মনির হোসেন বলেন, উত্তমের কাছ থেকে জায়গা কিনলেও দলিলটি রেজিস্ট্রি হয়নি। মন্টুর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাদের বাড়িতে গিয়ে বাঁশ ও টিনের বেড়ার কিছু অংশ সরানো হয়েছে। উভয়পক্ষকে থানায় বসে বিরোধ নিষ্পত্তির প্রস্তাব দেওয়া হলেও কেউই আসেনি।

প্রতিনিধি/এলএ