Dhaka Mail Logo

সারাদেশ

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত

জেলা প্রতিনিধি

২১ আগস্ট ২০২৬, ০৫:৪১ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার নেতৃত্বে হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানাচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানাচর গ্রামের মোহাব্বত আলী (৫৫), তার স্ত্রী করিমুন্নেচা (৪৬) এবং মেয়ে শিউলি আক্তার (১৭)।

স্থানীয় ও আহত পরিবার জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মোহাব্বত আলীর সাথে তার ভাতিজা তবিবর মোল্যার বিরোধ চলছিল। এরই জেরে সকালে তবিবর মোল্যার নেতৃত্বে রানা মোল্যা, নুরনাহার বেগম ও তামান্নাসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে মোহাব্বত আলীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে তিনজনই গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

আহত মোহাব্বত আলী অভিযোগ করে বলেন, ওরা দীর্ঘদিন ধরে আমাদের ভয়ভীতি দেখায়। বিভিন্ন সময়ে আমার পালা-পোষা হাঁস-মুরগি চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে থানায় একাধিক অভিযোগ দেওয়া আছে ও আদালতে মামলা চলমান রয়েছে। এসব বিষয়ে মীমাংসার জন্য শুক্রবার বাদ আসর গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিস বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকের আগেই তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। 

তবে এসব অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। 

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, থানায় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ