নেত্রকোনার কেন্দুয়ায় ২১ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আসিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসিয়া খাতুন সাগুলি গ্রামের ছমেদ আলী ফকিরের স্ত্রী।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুরুজ আলী, রফিক ও তার লোকজনের সঙ্গে তাইজ্জত মিয়ার লোকজনের ২১ শতাংশ বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকও হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাইজ্জত মিয়ার লোকজন বিরোধপূর্ণ জমিতে যেতে চাইলে অন্য পক্ষ বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আসিয়া খাতুনকে পিটিয়ে এবং গাছের সঙ্গে মাথা চেপে গুরুতর আহত করার অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজার স্ত্রী জায়েদা অভিযোগ করে বলেন, আমাদের ২১ শতাংশ জমি বুরুজ আলী দীর্ঘদিন ধরে জোর করে দখল করে রেখেছেন। আমরা নিরীহ মানুষ হওয়ায় ১০-১২ বার সালিশ করেও জমিতে যেতে পারিনি। স্থানীয় সালিশে আমাদের পক্ষে রায় দেওয়ার পর জমি দখলে যেতে চাইলে তারা আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় আমার চাচি শাশুড়িকে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। পরে উপস্থিত লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা এর সঠিক বিচার চাই।
জায়েদা আরও অভিযোগ করেন, বুরুজ আলী ও তার পক্ষের লোকজন এলাকায় প্রভাবশালী। এ কারণে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পান না।
তবে মোবাইল ফোন বন্ধ থাকায় প্রতিপক্ষের বুরুজ আলী ও তার পক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে নিহতের পরিবার থানায় এসে অভিযোগ করবে বলে জানিয়েছে। অভিযোগ পেলে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এজে




