Dhaka Mail Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে লুট হওয়া অস্ত্রসহ পিচ্চি নিশান গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৯ আগস্ট ২০২৬, ১২:৩৮ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ মো. নিশান ওরফে ছোট নিশান (৩০) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

এর আগে এদিন দুপুরে চন্দ্রগঞ্জ উপজেলার পোদ্দার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, একটি ফোল্ডিং নাইফ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা পোদ্দার বাজার এলাকায় আভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ছোট নিশানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি তারাস পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ফোল্ডিং নাইফ জব্দ করা হয়। জব্দ হওয়া পিস্তল ও গুলি জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল বলে জানান তিনি। নিশানের বিরুদ্ধে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

 

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু জানান, জব্দ করা অস্ত্র ও গুলিসহ গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/টিবি