জেলা প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৬, ১০:০২ এএম
কুড়িগ্রামের রাজারহাটে বাসের ধাক্কায় নাহিদ হাসান (১৫) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ছিনাই ইউনিয়নের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ সত্যতা নিশ্চিত করেছেন।
নাহিদ হাসান লালমনিরহাটের খেদাবাগ এলাকার মাহবুব আলমের ছেলে। সে আব্দুল সোবহান ব্যাপারী তালিমুল কুরআন হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে আমিন বাজার এলাকায় সড়ক পার হচ্ছিল নাহিদ। এ সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী ফাইভ স্টার পরিবহনের একটি বাস দ্রুতগতিতে তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে যায় সে। পরে স্থানীয়রা নাহিদকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা মাহবুব আলম মঙ্গলবার রাতে রাজারহাট থানায় লিখিত অভিযোগ দেন।
রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঘাতক বাসটি থানায় আটক রয়েছে।
প্রতিনিধি/টিবি