Dhaka Mail Logo

সারাদেশ

প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, চালকসহ আটক ২

জেলা প্রতিনিধি

১৭ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম

কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। জব্দ ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফয়সাল হোসেন (২৫) ও গাড়িচালক আমান উল্লাহ (৩৫)। তাদের দুজনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরজুলি এলাকায় অবস্থান নেয় ডিবির একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো ইয়াবার চালান উদ্ধার করা হয়।

ইয়াবা জব্দের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

প্রতিনিধি/এলএ