উপজেলা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৬, ১১:৩৪ এএম
মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামলা, হয়রানি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। রোববার দুপুরে উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় , উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের বৃদ্ধ আব্দুল মান্নান বেপারীর (৭৯) সঙ্গে একই এলাকার প্রভাবশালী আরিফুল ইসলাম বাবু, তার বোন নাদিরা সুলতানা ও ভাই সাজ্জাদ হোসেনের বসতবাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে আরিফুল ইসলাম বাবু তার বোন নাদিরা সুলতানাকে বাদী বানিয়ে হয়রানির উদ্দেশ্যে মাদারীপুর আদালতে একের পর এক তিনটি মামলা দায়ের করেন।
এসব মামলায় বৃদ্ধ আব্দুল মান্নান বেপারীসহ রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী বেপারী, লুৎফর বেপারী, শামীম বেপারী, শাহজালাল বেপারী ও সাইফুল ইসলামকে আসামি করা হয়। মামলার পাশাপাশি অভিযুক্ত আরিফুল ইসলাম ও নাদিরা সুলতানা পরিবারটিকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। বাধ্য হয়ে বৃদ্ধ আব্দুল মান্নান বেপারী শুক্রবার রাতে কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আরও পড়ুন: মাদারীপুরে মহিলা মাদরাসার ভেতর হাতবোমা বিস্ফোরণ, আহত ৪
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী আব্দুল মান্নান বেপারী বলেন, আরিফুল ইসলাম বাবু ও তার ভাই-বোন পেশিশক্তির জোরে আমার জমি দখলে নিতে চায়। আমি বৃদ্ধ ও অসহায় মানুষ হওয়ায় আমাকে হত্যার হুমকি দিয়ে ভিটাবাড়ি ছাড়া করার চক্রান্ত করছে। একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। আমি আইনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আরিফুল ইসলাম বাবুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঘটনায় থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এজেড