জেলা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৬, ১২:১৬ পিএম
মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদরাসার ভেতর হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৪ শিক্ষার্থী। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে ।
শনিবার (১৫ আগস্ট) সকালে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদরাসায় আসে শিক্ষার্থীরা। হঠাৎ ওই মাদরাসার ভেতর প্রবেশ করলে ইমন সরদারের (মাদরাসার ভেতর অবস্থিত) বসতঘরের সামনে হাতবোমা বিস্ফোরণ হয়। বোমার প্রকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। এতে আহত হয় মাদরাসার অন্তত ৪ শিক্ষার্থী। ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালকিনি থানা পুলিশ। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আবিদা আক্তার নামে একজনকে ঢাকায় প্রেরণ করেছে চিকিৎসক।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম জানান, ঘটনা অনুসন্ধানে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশ ও সিআইডি। মাঠে রয়েছে অন্যান্য কর্মকর্তারা।
প্রতিনিধি/এসএস