Dhaka Mail Logo

সারাদেশ

পরোয়ানা জারি, আইনজীবীকে কুপিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

জেলা প্রতিনিধি

১৫ আগস্ট ২০২৬, ১০:০৪ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে হত্যাচেষ্টা, মারধর, চুরি ও ভাঙচুরসহ একাধিক অভিযোগে করা মামলায় মো. জাকির হোসেন ফরাজী নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের শৈলবনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার জাকির হোসেন ফরাজী মির্জাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের ছোট ভাই। 

মামলার এজাহার থেকে জানা যায়, ৯ আগস্ট ছৈলাবুনিয় এলাকায় আইনজীবী মো. সামিউল আলীমকে হত্যার উদ্দেশে কুপিয়ে জখম করে। পরে তার বসতঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে এবং ভাঙচুর চালায়। এ ঘটনায় তিনি মির্জাগঞ্জ থানায় মামলা করেন।

আইনজীবী সামিউল আলীমের অভিযোগ, আদালতে হাজির হওয়ার জন্য তিনি মুঠোফোনে জাকির হোসেন ফরাজীকে অনুরোধ করেছিলেন। তবে জাকির ব্যস্ততার কথা জানিয়ে আদালতে হাজির হতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে তার পক্ষে সময়ের আবেদন করেন।

কিন্তু আদালত ওই আবেদন খারিজ করে জাকিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আদালতের আদেশের বিষয়টি তিনি মুঠোফোনে জাকিরকে জানান। ওই দিন রাত ৮টার দিকে তিনি বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় জাকির মোটরসাইকেলে করে সেখানে এসে হাতে থাকা দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে গুরুতর জখম হয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাত লাগে।

স্থানীয় লোকজন আহত সামিউল আলীমকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জাকির হোসেন ফরাজীকে গ্রেফতার করা হয়েছে। আইনজীবীকে কোপানোর ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এলএ