নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় নুর আলম (৩৫) নামের এক ওয়ার্ড যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কেন্দুরবাগ বাজারে এ ঘটনা ঘটে।
আহত নুর আলম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউসুফ সর্দারের ছেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার রাতে কেন্দুরবাগ বাজারে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন চলছিল। নুর আলম এতে বাধা দিতে যান এবং মাদক বিক্রেতাদের হাতেনাতে ধরার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ‘পিচ্চি ফয়েজ’ ও সোহাগের নেতৃত্বে ৫ থেকে ৭ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে তারা ঘটনাস্থল থেকে চলে যান।
নুর আলমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্তারিত জেনে পরে জানাতে পারব।’
এদিকে প্রকাশ্যে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রতিনিধি/এসএস




