Dhaka Mail Logo

সারাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে সমালোচনা, সাবেক এনসিপি নেতাকে পিটুনি

জেলা প্রতিনিধি

১৪ আগস্ট ২০২৬, ০৯:৫৫ পিএম

প্রধানমন্ত্রীর তারেক রহমান ও ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নানকে নিয়ে ফেসবুকে সমালোচনা করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাবেক নেতা আসাদ খোকনকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে হরিপুর ইউনিয়নের জমিদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

মারধরের শিকার আসাদ খোকনের বাড়ি নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। 

সাবেক এনসিপি নেতা আসাদ খোকন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক। পরে তিনি যুবলীগের রাজনীতির সাথে যুক্ত হন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রামের ঘনিষ্ঠ সহচর ছিলেন। 

২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করেন। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে ফেসবুকে সক্রিয়।

মারধরের বিষয়টি হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক মিয়া নিশ্চিত করেছেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, আসাদ খোকন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন। বিকেলে একদল লোক তাকে মারধর করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে চলে যায়।

তিনি জানান, তারা কারা এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে আসাদ খোকনের বিরুদ্ধে থানায় কোনো মামলায় নেই । তাই পরিবারের জিম্মায় তাকে দিয়ে দেওয়া হবে।

প্রতিনিধি/এলএ