জেলা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৬, ০৯:০৩ পিএম
কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আতাউল করিম (৫০) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় শহরের বাস টার্মিনাল সংলগ্ন ‘ঢাকা হোটেল’-এর ৪০১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আতাউল করিম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বাসিন্দা। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আতাউল করিম ওই হোটেলের ৪০১ নম্বর কক্ষে ওঠেন। শুক্রবার তার কক্ষ থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে হোটেল কর্মীরা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, পুলিশ সদস্যের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
প্রতিনিধি/এলএ