কক্সবাজারের টেকনাফে সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া মাদরাসাছাত্র আরিফ উল্লাহর(১০) মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকায় জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি স্থানীয়রা দেখতে পান। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আরিফ উল্লাহর বলে শনাক্ত করেন এবং উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
নিহত আরিফ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমান উল্লাহর ছেলে। সে টেকনাফের আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় জামাতের শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মাদ্রাসার ৩৫ জন শিক্ষার্থীর একটি দল টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে বেড়াতে যায়। সেখানে কয়েকজন ফুটবল খেলছিল এবং অন্যরা সাগরে গোসল করছিল। গোসলের একপর্যায়ে বড় ঢেউয়ের ধাক্কায় আরিফ উল্লাহ সাগরে ভেসে যায়।
এ সময় তার সহপাঠী সাইদি হাত ধরে তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু সাগরের তীব্র স্রোতের কারণে তাকে ধরে রাখা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই স্রোতের সঙ্গে ভেসে যায় আরিফ।
ঘটনার পর সহপাঠী, স্থানীয় বাসিন্দা ও স্বজনরা সৈকতের বিভিন্ন অংশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার তৎপরতায় যোগ দেন। তবে বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার সকালে কচ্ছপিয়া নৌঘাট এলাকায় মরদেহ ভেসে আসার খবর পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা সেখানে গিয়ে আরিফ উল্লাহকে শনাক্ত করেন।
নিহতের বাবা আমান উল্লাহ বলেন, বৃহস্পতিবার বিকেলে আমার ছেলেসহ ৩৫ জন মাদ্রাসাছাত্র সমুদ্র সৈকতে গিয়েছিল। গোসলের সময় ঢেউয়ের ধাক্কায় সে পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা একজন তাকে ধরার চেষ্টা করেও স্রোতের কারণে রাখতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকালে কচ্ছপিয়া নৌঘাট এলাকায় মরদেহ ভেসে আসার খবর পেয়ে সেখানে গিয়ে ছেলেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জামিম মিয়া বলেন, মাদ্রাসাছাত্র সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। পরে শুক্রবার কচ্ছপিয়া নৌঘাট এলাকায় তার মরদেহ ভেসে আসার খবর পাওয়া যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল বলেন, বৃহস্পতিবার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়। শুক্রবার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকা থেকে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/ এজে




