জেলা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৬, ০৬:২৩ পিএম
ময়মনসিংহ নগরীর মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিস রোডে দোকানে ঢুকে রাব্বী হত্যা মামলার প্রধান আসামি আব্দুল খালেককে গ্রেফতার করেছে র্যাব-১৪।
র্যাবের দাবি, চাঁদাবাজি ও পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর এলাকা থেকে আব্দুল খালেককে গ্রেফতার করা হয়।
শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মো. শামসুজ্জামান।
আরও পড়ুন
র্যাবের কোম্পানি কমান্ডার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আব্দুল খালেক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চাঁদাবাজি ও পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অন্য আসামিদের গ্রেফতারেও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিস রোডের একটি দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রাব্বীকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় হামলায় তার ভাই রিয়াদও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/এলএ