Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িতে আগুন

জেলা প্রতিনিধি

১৪ আগস্ট ২০২৬, ০৪:০৭ পিএম

ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় পাসপোর্ট অফিস সড়কে মোহাম্মদ রাব্বি (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ লোকজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় একই এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে দিন-দুপুরে পাসপোর্ট অফিস সড়কে হত্যার ঘটনা ঘটে।

নিহত রাব্বি মাসকান্দা এলাকার বাসিন্দা। তিনি পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটার ও ফটোকপির দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষই রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে রাব্বিকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাব্বির স্বজনদের দাবি, পূর্ববিরোধের জের ধরে একই এলাকার ফজলুল হক, সাব্বির ও লিটনসহ একই পক্ষের লোকেরা রাব্বির হত্যার সঙ্গে জড়িত। এ অভিযোগের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় মাসকান্দা এলাকার অভিযুক্তদের বাড়ি-ঘরে আগুন দেয় রাব্বির পক্ষের বিক্ষুব্ধ লোকজন। 

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

প্রতিনিধি/এলএ