Dhaka Mail Logo

সারাদেশ

স্বর্ণ ব্যবসায়ী হত্যায় একজনের ফাঁসির আদেশ, অন্যজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি

১৩ আগস্ট ২০২৬, ০৮:৫৩ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী অমর সরকারকে (৪৫) গলাকেটে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। এই মামলায় অপর আসামিকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) মো. কামাল হোসাইন এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- জয় বিশ্বাস অনিক ও হৃদয় সূত্রধর। মৃত্যুদণ্ড পাওয়া জয় বিশ্বাস অনিককে ১০ হাজার টাকা অর্থদণ্ডও করেছে আদালত, অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপর ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপর আসামি হৃদয় সূত্রধরকে যাবজ্জীবনের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জয় বিশ্বাস মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার সুভারিয়া সরকার বাড়ির অর্জুন বিশ্বাসের ছেলে এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হৃদয় সূত্রধর মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর সারপাড় এলাকার গোপাল সূত্রধরের ছেলে।

নিহত অমর সরকার মতলব দক্ষিণ উপজেলার সারপাড় এলাকার শ্রী রবি ভক্তের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি রাত ১২টার পর হতে ২টার মধ্যে ওমর সরকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান মাধবী শিল্পালয় থেকে বাড়িতে আসার পথে উভয় আসামি যোগসাজসে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে। ঘটনাটি আড়াল করার জন্য জয় বিশ্বাস অনিক নিজেই ওমর সরকারকে কে বা কারা হত্যা করেছে- এমন সংবাদ পৌঁছায় তার বাবার কাছে। তখন রবি ভক্ত ও তার বড় ছেলে জীবন কৃষ্ণ বাড়ি থেকে প্রায় ৮০ গজ দূরে দাস বাড়ির উঠানে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পরদিন ২২ ফেব্রুয়ারি মতলব দক্ষিণ থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন ওমর সরকারের বাবা রবি ভক্ত। মামলা হওয়ার পর পুলিশ তদন্ত করে ঘটনায় জড়িত উল্লিখিত আসামি হৃদয়কে ২৩ ফেব্রুয়ারি এবং জয় বিশ্বাসকে ২৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে সোপর্দ করে।

মামলাটির তদন্ত করেন তৎকালীন মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান। তিনি মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ১০ মে আদালতে চার্জশিট দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সালমা বেগম বলেন, রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জয় বিশ্বাস উপস্থিত ছিলেন, অপর আসামি হৃদয় জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

আসামি পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী ছিলেন শফিকুল ইসলাম ভুঁইয়া।

প্রতিনিধি/এলএ