Dhaka Mail Logo

সারাদেশ

নবাবগঞ্জে ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে ‘অনিয়ম’, ছাত্রদলের বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি

১২ আগস্ট ২০২৬, ০৬:৫৯ পিএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে ১৪টি ইউনিয়নে ১২৬ জন তথ্য সংগ্রহকারী ও ১৪ জন সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ছাত্রদল।

বুধবার দুপুর ১টার দিকে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরবের নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলা ফটকে এ বিক্ষোভ করা হয়।

ছাত্রদল নেতা শফিকুল ইসলাম নিরব জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা পূরণে নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড প্রাপ্তদের তথ্য সংগ্রহে মাঠকর্মী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করা হয়েছে। কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ায় আওয়ামী ফ্যাসিস্টদের প্রাধান্য দিয়েছে। আমরা এ নিয়োগ বাতিল করে, পুনঃনিয়োগ প্রক্রিয়ার দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলীর মুঠোফোনে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম অনিয়মের অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, নিয়মনীতি অনুসরণ করেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

প্রতিনিধি/এলএ