নাটোরের বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় ইউএনও কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেট এলাকা থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদে গিয়ে ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় নিয়োগে স্বচ্ছতা না থাকার অভিযোগ তুলে ফলাফল পুনরায় যাচাই-বাছাইয়ের দাবি জানান বিক্ষোভকারীরা।
একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিক্ষোভকারীদের বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তিদের সুযোগ দেওয়া হয়েছে এবং ছাত্রদলের নেতা-কর্মীদের বাদ দেওয়া হয়েছে। তাই প্রকাশিত ফলাফল বাতিল করে নতুন করে যাচাই-বাছাইয়ের দাবি জানান তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, ‘আমি একটি মিটিংয়ে রয়েছি। পরে বিষয়টি জানাতে পারব।’
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
প্রতিনিধি/এসএস




