Dhaka Mail Logo

সারাদেশ

সাভারে ফের প্রেশার কুকার বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

উপজেলা প্রতিনিধি

১২ আগস্ট ২০২৬, ১২:২৭ পিএম

ঢাকার সাভারে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার আরেক গ্রামে পাওয়া গেছে স্কচটেপে মোড়ানো ‘প্রেশার কুকার বোমা’ সদৃশ একটি বস্তু।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে সাভারের সাদাপুরের গোপের বাড়ি লালটেক এলাকার ঘোড়া মসজিদের মাঠে এটি দেখতে পান স্থানীয় লোকজন।

বুধবার (১২ আগস্ট) সকালে বিষয়টি পুলিশকে জানানো হলে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের ওই এলাকা থেকে দূরে রাখা হয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইমরান হোসেন।

তিনি বলেন, প্রেশার কুকারটিতে স্কচটেপ প্যাঁচানো রয়েছে। দেখতে এটি আশুলিয়ায় উদ্ধার হওয়া বোমার মতো মনে হচ্ছে। তবে এটি আসলে বিস্ফোরক কি না, বিশেষজ্ঞ দল পরীক্ষা করার পরই তা নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন কয়েকজন। ড্রামটির ভেতরে পুরোনো জামাকাপড়, পবিত্র কোরআন শরিফ ও স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার ছিল। পরে স্থানীয় লোকজন ড্রাম থেকে কুকারটি বের করে মাঠে রেখে দেন। তাদের ধারণা, অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ড্রামটি সেখানে রেখে গেছেন।

 

পুলিশ পরিদর্শক ইমরান হোসেন বলেন, মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হচ্ছে না। বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দলকে বিষয়টি জানানো হয়েছে। বিশেষজ্ঞ দল এসে পর্যবেক্ষণ করার পর এটি আসলে কী, তা বলা যাবে।

এর আগে গত ৩০ জুলাই সাভারের পাশের আশুলিয়ার চারাবাগ এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে প্রেশার কুকারের ভেতরে থাকা একটি শক্তিশালী বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছিল বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল। পুলিশ জানিয়েছিল, এক ব্যক্তি ব্যাগে করে ওই প্রেশার কুকারটি এনে চায়ের দোকানের সামনে রেখে চলে যান।

প্রতিনিধি/টিবি