শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

চায়ের দোকানে প্রেসার কুকার আকৃতির বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি

উপজেলা প্রতিনিধি, সাভার
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

চায়ের দোকানে প্রেসার কুকার আকৃতির বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি চায়ের দোকানের সামনে ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে প্রেশার কুকারের মতো বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা সেটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৩১ জুলাই) সকালে বোমাটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আশুলিয়া ইউনিয়নের খেজুর বাগান এলাকার হৃদয় চাকমার মালিকানাধীন ‘জয়ী জেনারেল স্টোর’ নামের একটি চায়ের দোকানে মাক্স পরা এক ব্যক্তি কোমল পানীয় কিনতে আসেন। তিনি ২০০ টাকার একটি নোট দিলে দোকানির কাছে ভাঙতি ছিল না। দোকানি নোট ভাঙাতে বাইরে গেলে ওই ব্যক্তি দোকানের সামনে একটি কাপড়ের ব্যাগ রেখে চলে যান। দীর্ঘ সময় তিনি ফিরে না আসায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে ব্যাগটি খুলে ভেতরে কালো স্কচটেপ পেঁচানো প্রেশার কুকারের মতো বোমাসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে তারা আশুলিয়া থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেয়। পরে ইউনিটের সদস্যরা বস্তুটি উদ্ধার করে আশুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু রোড এলাকার ইউনাইটেড গার্মেন্টস সংলগ্ন আমির সরকারের হাউজিংয়ের একটি ফাঁকা স্থানে নিয়ে যান। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করা হয়।

বিস্ফোরণে প্রায় তিন ফুট গভীর গর্তের সৃষ্টি হয় এবং পাশের সীমানা প্রাচীরের পাঁচ থেকে ছয় ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কেউ হতাহত হননি।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বোমাসদৃশ বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর