জেলা প্রতিনিধি
১২ আগস্ট ২০২৬, ১২:১২ পিএম
সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসায় স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও তাদের বাসার গৃহপরিচারিকা (২৫)। গৃহপরিচারিকার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, ১১১ নম্বর বাসায় আব্দুস সত্তার মিয়া, তার স্ত্রী ও গৃহপরিচারিকাকে হত্যা করা হয়েছে। আব্দুস সত্তার মিয়া সিলেট চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন।
নিহত দম্পতির ভাগ্নে মুন্না মিয়া জানান, ওই বাসায় তার মামা-মামি থাকতেন। তাদের সঙ্গে থাকতেন এক গৃহপরিচারিকা। তাদের চার সন্তানের মধ্যে দুই সন্তান যুক্তরাজ্যে ও দুই সন্তান যুক্তরাষ্ট্রে থাকেন। সকাল ৯টার দিকে তাদের সঙ্গে তার ফোনে আলাপ হয়েছে। ধারণা করা হচ্ছে, ৯টার পর তাদের হত্যা করা হয়।
সিলেট কোতোয়ালি থানার ওসি খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মো. মঞ্জুরুল আলম জানান, কোতোয়ালি থানাধীন রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসার ভেতরে মরদেহ ৩টি পাওয়া গেছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন।
প্রতিনিধি/টিবি