Dhaka Mail Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৪ মাদরাসায় পাস করেনি কেউ

জেলা প্রতিনিধি

১১ আগস্ট ২০২৬, ১০:৫৫ এএম

চাঁপাইনবাবগঞ্জে দাখিল পরীক্ষায় ৪ মাদরাসার একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার ফলাফল ঘোষণা হলে দেখা গেছে, এই চার প্রতিষ্ঠানে নিবন্ধিত ২৬ শিক্ষার্থীর ১৬ জন পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে কেউ পাস করতে পারেননি।

ফল পর্যালোচনায় দেখা যায়, জেলার গোমস্তাপুর উপজেলার গোপীনাথপুর ডিএস দাখিল মাদরাসা থেকে ১৬ শিক্ষার্থী নিবন্ধিত থাকলেও পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ জন। একই উপজেলার ব্রঞ্জনাথপুর দাখিল মাদরাসা থেকে ৪ শিক্ষার্থী ফরম পূরণ করলেও একজন শিক্ষার্থীও পরীক্ষায় অংশগ্রহণ করেননি। অন্যদিকে নাচোল উপজেলার বকুলতলা দাখিল মাদসার ৫ নিবন্ধিত শিক্ষার্থীর ২ জন পরীক্ষায় অংশ নিয়ে দুজনেই ফেল করেন। এ ছাড়া শিবগঞ্জের নাটোর দাখিল মাদরাসা থেকে মাত্র ১ শিক্ষার্থী নিবন্ধিত থাকলেও তিনি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ অকৃতকার্য এবং নিবন্ধিত পরীক্ষার্থীরা অনুপস্থিত থাকার ঘটনাকে শিক্ষার মান ও প্রাতিষ্ঠানিক তদারকির ঘাটতি হিসেবে দেখছেন স্থানীয়রা।

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, নামমাত্র পরীক্ষার্থী নিয়ে পরিচালিত এসব প্রতিষ্ঠানের প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠছে।

এ বিষয়ে গোপীনাথপুর দাখিল মাদরাসার সুপার রায়হান উদ্দীনকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে, বকুলতলা দাখিল মাদরাসার সুপার সুলতান আহম্মেদের মোবাইল নম্বর বন্ধ থাকায় তার বক্তব্যও পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা বলেন, পরীক্ষায় অংশ নিয়েও শতভাগ ফেল করাটা জেলার জন্য খুবই অসম্মানজনক। এ ছাড়া বাকি দুটি মাদরাসা থেকে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করার পরও কেন পরীক্ষায় বসেনি, তা নিয়ে প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে কথা হবে। খারাপ ফলাফল করা প্রতিষ্ঠানের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ হবে।

প্রতিনিধি/টিবি