Dhaka Mail Logo

সারাদেশ

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ফাইভ

জেলা প্রতিনিধি

১০ আগস্ট ২০২৬, ০৬:৫৭ পিএম

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার কমলেও ফলাফলে ভালো করেছে রংপুরের শীর্ষ প্রতিষ্ঠানগুলো।

সোমবার দুপুরে ফলাফল প্রকাশের পর এসব প্রতিষ্ঠান প্রাঙ্গণে মিষ্টি খাইয়ে উল্লাস করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। 

এ বছর রংপুর ক্যাডেট কলেজের ৫০ জন পরীক্ষার্থীদের মধ্যে সকলেই জিপিএ ফাইভ পেয়েছে। রংপুর জিলা স্কুলে ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস ২১৭ জন, জিপিএ ফাইভ পেয়েছে ১৫০ জন, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস ২৬৪ জন ও জিপিএ ফাইভ পেয়েছে ১৭৭ জন, রংপুর ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৫৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস ৫৩০ জন, জিপিএ ফাইভ পেয়েছে ৩২৯ জন, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ৫৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস ৫৬৭ জন, জিপিএ ফাইভ পেয়েছে ৩২২ জন। 

শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদান, শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করা এবং অভিভাবক ও সহপাঠীদের সহযোগিতা ভাল ফলাফলের কারণ হিসেবে উল্লেখ করেছেন প্রতিষ্ঠান প্রধানরা।

রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, গত বছরের তুলনায় সামগ্রিকভাবে পাসের হার ও জিপিএর হার কম। তারপরও অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় জিলা স্কুলে পাসের হার ভালো। তবে আগামীতে যেন আরো ভালো ফলাফল করা যায়, সে বিষয়ে সতর্ক থাকব।

এদিকে টানা ৭ বছর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার কমেছে। চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফল তলানিতে গিয়ে পৌঁছেছে। এক বছরের ব্যবধানে এই বোর্ডে পাসের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ। চলতি বছর পাসের নেমে এসেছে ৫৮ দশমিক ০৫। এবারে পাসের হারের পাশাপাশি জিপিএ ফাইভ কমেছে। পাশাপাশি বেড়েছে শূন্য ফলাফল করা স্কুলের সংখ্যাও।

প্রতিনিধি/এলএ