জেলা প্রতিনিধি
১০ আগস্ট ২০২৬, ০৫:২৫ পিএম
কুমিল্লার দেবীদ্বারে বাসার দরজা ভেঙে ১৭ বছর বয়সী এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কের জেরে ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে বিরক্ত করছিলেন এক যুবক। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।
সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১টার দিকে দেবীদ্বার সদর এলাকার মেল্লাবাড়ী মসজিদসংলগ্ন খান মঞ্জিলের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
নিহত আফরিন আক্তার (১৭) দেবীদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের মৃত আব্দুল আউয়ালের মেয়ে। তিনি পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের মা মরিয়ম বেগম (৪২) বলেন, ‘সানি গত ছয় মাস ধরে আমার মেয়েকে বিরক্ত করে আসছিল। এ কারণে সে ঘর থেকে বের হতে পারত না, কলেজেও যেতে পারত না। গতকাল (রোববার) সানিকে ডেকে বাড়ির মালিক শাহ আলম খান, আমার ভাই গোলাম হোসেনসহ কয়েকজন মিলে বিষয়টি নিয়ে কথা বলেন। পরে রাগ করে মেয়েকে বাসায় একা রেখে আমি বাবার বাড়ি চলে যাই।’
তিনি আরও বলেন, ‘সোমবার দুপুরে সৌদি আরবপ্রবাসী ছোট ছেলে আজাদ ফোন করে জানায়, সানি তাকে মেসেজ দিয়ে বলেছে, সে আফরিনকে বিয়ে করবে না এবং তার পরিবারও এ সম্পর্ক মানছে না। সে আরও জানিয়েছে, আফরিন আত্মহত্যা করতে পারে। এরপর দ্রুত বাসায় এসে দেখি দরজা বন্ধ। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’
মরিয়ম বেগমের অভিযোগ, সাখাওয়াত হোসেন সানির কারণে তার মেয়ের মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
বাড়ির মালিক শাহ আলম খান বলেন, ছেলে-মেয়ে উভয়েই বিয়েতে রাজি হলে সোমবার উভয় পক্ষের পাঁচজন করে অভিভাবক নিয়ে বসে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।
স্থানীয় ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আফরিনের বয়স যখন তিন মাস, তখন তার বাবা মারা যান। এরপর মা সন্তানদের নিয়ে প্রায় ১০ বছর ধরে দেবীদ্বার সদরে ভাড়া বাসায় বসবাস করছেন। প্রায় দুই বছর ধরে তারা খান মঞ্জিলের চতুর্থ তলায় থাকছেন।
স্বজনেরা জানান, প্রতিবেশী একটি বাসার ভাড়াটিয়া উপজেলার বড়শালঘর গ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য জামসেদ মিয়ার ছেলে সাখাওয়াত হোসেন সানির (২৬) সঙ্গে আফরিনের সম্পর্ক গড়ে ওঠে। সানি বিভিন্ন অনুষ্ঠানে ক্যামেরাম্যান হিসেবে ছবি ও ভিডিও ধারণের কাজ করেন। আফরিনের দুই ভাই মহসীন (২৫) ও আজাদ (২৩) সৌদি আরবে থাকেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত অপমৃত্যুর মামলা করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
ওসি আরও বলেন, প্রেমের সম্পর্ক নিয়ে মায়ের সঙ্গে আফরিনের বিরোধের কথা জানা গেছে। মেয়ে ও তার কথিত প্রেমিকের মধ্যে রাতভর কথোপকথনের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এসব বিষয় আত্মহত্যায় প্ররোচনার সঙ্গে সম্পর্কিত কি না, তা তদন্তের পর জানা যাবে।
প্রতিনিধি/এসএস