সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

কুমিল্লায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জামাল শিকদারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে জামাল শিকদার পলাতক রয়েছেন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আর্জুনা বেগম পাহাড়পুর গ্রামের জামাল শিকদারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার রাজামেহের এলাকা থেকে এসে পাহাড়পুর গ্রামে বসতি গড়েন জামাল ও আর্জুনা। বর্তমানে জামাল পাহাড়পুর এলাকার বিসমিল্লাহ ফিশারি প্রজেক্টে কাজ করতেন। তাদের ১৪ বছর বয়সী একটি মেয়ে ও ১০ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সোমবার দুপুর ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে জামাল ও আর্জুনার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ১০ বছর বয়সী ছেলে ইয়াসিনের সামনেই দা দিয়ে আর্জুনাকে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর জামাল শিকদার পালিয়ে যান।

পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছামাদ মাঝি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজার কাছে আর্জুনা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনার সময় নিহতের ছেলে ইয়াসিন সেখানে উপস্থিত ছিল বলেও জানান তিনি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী জামাল শিকদার পলাতক রয়েছেন। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর