জেলা প্রতিনিধি
১০ আগস্ট ২০২৬, ০৪:০৯ পিএম
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই এবার পাস করতে পারেনি।
প্রতিষ্ঠানগুলো হলো- জামালপুরের সরিষাবাড়ীর চাপারকোনা মোনিয়া আবুল গার্লস হাইস্কুল, ময়মনসিংহের মুক্তাগাছা কলেজ, ফুলবাড়ীয়ার শহীদ স্মৃতি গার্লস হাইস্কুল এবং জামালপুরের ইসলামপুরের কাদামতলী করিপাড়া হাইস্কুল।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব মো. এনামুল হক।
তিনি বলেন, গত বছরের তুলনায় এবার পাসের হার কিছুটা কমেছে। তবে শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বোর্ডের আওতাধীন প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের এগিয়ে নিতে বিশেষভাবে কাজ করা হচ্ছে। নিয়মিত ক্লাস ও পড়াশোনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। এ দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বোর্ড সচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস মনিটরিং শুরু হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে ফিরিয়ে এনে পাঠদানের মান বাড়ানোর পাশাপাশি পড়াশোনায় আরও মনোযোগী করা হচ্ছে।
এসব উদ্যোগের মাধ্যমে আগামী দিনে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফল আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ফুলবাড়ীয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন জানান, তার বিদ্যালয় থেকে ৮ জন পরীক্ষা দিয়েছিল, কিন্ত কেউ পাস করেনি।
প্রতিনিধি/এলএ