জেলা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৬, ০৮:১১ পিএম
লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়া ও ক্যাসিনোর প্রতিবাদ করায় কলেজশিক্ষক আরিফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
এ সময় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে মামলাটি পুনরায় গ্রহণেরও দাবি জানান তারা।
রোববার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের টেম্পুস্ট্যান্ড মোড়ে এ মানববন্ধন হয়। এতে মোগলহাট ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কলেজশিক্ষক আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে সচেতনতা তৈরির চেষ্টা করে আসছিলেন। এর জেরেই তাকে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে।
বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলেও জানান বক্তারা।
তারা বলেন, একজন শিক্ষককে এভাবে হামলা করে গুরুতর আহত করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিস্তার ঠেকাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ কথা বললে তার ওপর হামলা চালানোর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রতিনিধি/এলএ