রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে দুই যুগ ধরে বেহাল সড়ক, সংস্কারের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০২:০২ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে দুই যুগ ধরে বেহাল সড়ক, সংস্কারের দাবিতে মানববন্ধন
স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন।

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজার থেকে পাঙ্গাসিয়ার পাড় পর্যন্ত প্রায় ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ সড়কটি দুই যুগ ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিনেও সড়কটির সংস্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করে দ্রুত উন্নয়নকাজ শুরুর দাবি জানিয়েছেন।

রোববার (২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ৫ নম্বর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তারাবুনিয়া ওয়াহেদিয়া দাখিল মাদরাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতাধীন সড়কটির মাত্র এক কিলোমিটার অংশে ২০০২ সালে ইটের সলিং করা হয়েছিল। বাকি প্রায় দুই কিলোমিটার এখনো কাঁচা থাকায় সামান্য বৃষ্টিতেই কাদার সৃষ্টি হয় এবং চলাচল ব্যাহত হয়। বছরের অধিকাংশ সময়ই সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

বক্তারা জানান, সড়কটিতে তিনটি সাঁকো ও আটটি কালভার্ট রয়েছে। এর মধ্যে তিনটি কালভার্ট অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

তাদের ভাষ্য, সড়কটির ওপর নির্ভরশীল ৫ নম্বর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাবুনিয়া ওয়াহেদিয়া দাখিল মাদরাসা, ৮০ নম্বর দক্ষিণ তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ এ সড়ক ব্যবহার করেন। পাশাপাশি সীমান্তবর্তী কাউখালী উপজেলার কয়েক হাজার মানুষ রাজাপুর ও ভান্ডারিয়া উপজেলায় যাতায়াতের জন্যও এ পথ ব্যবহার করেন।

বক্তারা অভিযোগ করেন, বেহাল সড়কের কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ছে। কৃষকদের কৃষিপণ্য বাজারজাত করতেও অতিরিক্ত সময় ও ব্যয় হচ্ছে। বর্ষা মৌসুমে অনেক সময় সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

মানববন্ধনে বক্তব্য দেন সাতুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাজী, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু, বিএনপির সাবেক ৭ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, তারাবুনিয়া ওয়াহেদিয়া দাখিল মাদরাসার সুপার আতিকুর রহমান, কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্লাদ হোসেন এবং সমাজসেবক আব্দুল কুদ্দুস।

বক্তারা দ্রুত সড়কটি পাকাকরণ, ঝুঁকিপূর্ণ কালভার্ট পুনর্নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নকাজ শুরুর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর