জেলা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে বদলির নির্দেশ দেওয়ার দুই ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করা হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করায় তার বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন নিজেই।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন ও ডেঙ্গু রোগীদের জন্য প্রয়োজনীয় ইনজেকশন না থাকাসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি মুঠোফোনে মন্ত্রণালয়ের কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে সিভিল সার্জনকে বদলির নির্দেশ দেন।
পরে দুপুর দেড়টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিভিল সার্জন তার ভুলের জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে ক্ষমা চান। এরপর তার বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

বিকেলে ডা. মোহাম্মদ নুর আলম দীন বদলির নির্দেশ প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সকালে আকস্মিক সফরে চাঁদপুরে আসেন স্বাস্থ্যমন্ত্রী। সকাল ১০টার দিকে তিনি হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় হাসপাতালের সার্বিক উন্নয়নে বিভিন্ন নির্দেশনা দেন তিনি।
দুপুর ১২টার দিকে মন্ত্রী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে যান। সেখানে রোগীদের জন্য সরবরাহ করা খাবার নিজে খেয়ে মান যাচাই করেন এবং হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থা পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আরও পড়ুন
এরপর বিকেল ৩টার দিকে মন্ত্রী মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
মন্ত্রীর পরিদর্শনকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস