জেলা প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম
মাত্র কয়েক হাজার টাকার লেনদেন নিয়ে গড়ে ওঠা বিরোধের বলি হলেন এক যুবক। রাজবাড়ীর গোয়ালন্দে সকালে কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক সময়ের ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে।
শনিবার সকাল ৯টার দিকে গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তোরাইড় মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
তবে ঘটনার মাত্র ২ ঘণ্টার মধ্যে প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত যুবকের নাম শরিফুল ইসলাম হীরা (৪০)। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে এবং গোয়ালন্দ পৌর যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার তোরাই মোড়-কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
অন্যদিকে গ্রেপ্তার মো. কামরুল ফকির গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শরিফুল ও গ্রেপ্তার কামরুল একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাদের মধ্যে ৫ থেকে ৬ হাজার টাকা লেনদেন নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল। সপ্তাহখানেক আগে শরিফুল ৩ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা পাওনা নিয়ে দুজনের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়।
সকালে শরিফুল বাজার থেকে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে তোরাই মোড় এলাকায় পৌঁছালে কামরুল তার পথ রোধ করে বাকি টাকা দ্রুত পরিশোধের তাগিদ দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে কামরুল তার কাছে থাকা ধারালো চাকু বের করে শরিফুলের বুক ও পাঁজরে এলোপাতাড়ি কোপ দেন। এতে শরিফুল মাটিতে লুটিয়ে পড়লে কামরুল দ্রুত পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় শরিফুলকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এ হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই অপরাধীকে ধরতে পুরো এলাকায় সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশের একটি যৌথ দল ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যেই অভিযুক্ত কামরুলকে গ্রেপ্তার করে।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে মূল অভিযুক্তকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এলএ