Dhaka Mail Logo

সারাদেশ

সিলেটে 'অক্সিজেন না পেয়ে' হামের উপসর্গে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

০৮ আগস্ট ২০২৬, ০৮:০৯ পিএম

সিলেটে আইসিইউ সুবিধা ও ‘অক্সিজেন’ না পেয়ে হামের উপসর্গ নিয়ে আয়ান নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। 

শনিবার দুপুরে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়।

আয়ান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারের মোরশেদ আলম ও খোরশেদা বেগম দম্পতির সন্তান।

শিশুটির বাবা-মায়ের অভিযোগ, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ না পেয়ে পরদিন শনিবার তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসেন তারা। শামসুদ্দিন হাসপাতালে আনার পর শিশুটির অক্সিজেন প্রয়োজনের কথা জানানো হলেও তাদেরই অক্সিজেনের ব্যবস্থা করে আনতে বলা হয়। 

এরপর আইসিইউর প্রয়োজন হলেও আইসিইউ দেওয়া হয়নি। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর শিশুটির মৃত্যু হলে তাকে আইসিইউতে নেওয়া হয় বলে অভিযোগ তাদের।

তবে এই অভিযোগ অস্বীকার করে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান।

তিনি বলেন, তারা শিশুটিকে নিয়ে যখন এখানে আসেন তখন আইসিইউ খালি ছিল না। তাকে জরুরি বিভাগে নিয়ে পর্যবেক্ষণ করা হয়। পরে আইসিইউ খালি হওয়া সাপেক্ষে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই রোগী মারা যায়। তারা ওসমানী হাসপাতাল থেকে আসার পূর্বে জানিয়ে এলে হয়তো আমরা আগেই বলে দিতে পারতাম। 

আমাদের এখানে আইসিইউ'র ১৪টি বেডের সবগুলোই তখন পূর্ণ ছিল। আর শিশুটির অবস্থা খারাপ ছিল, যার কারণে বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু তারা অভিযোগ করছেন যে, আগে কেন আইসিইউতে দিলাম না। আগে খালি থাকলে তো দিতাম। আমরা তো মানুষকে বাঁচানোর জন্যই সর্বদা চেষ্টা করে থাকি।

প্রতিনিধি/এলএ