জেলা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম
বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক শেখ শাহারিয়ার সৈকত (৩৮) মারা গেছেন।
শুক্রবার বিকেল ৩টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের শ্রীঘাট ফুলবাড়িয়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত শেখ শাহারিয়ার সৈকত সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি শহিদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগেরহাট থেকে খুলনাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক সৈকত সড়কে ছিটকে পড়ে মাথা, মুখ ও বুকে গুরুতর আঘাত পান।
খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর কিছু সময় বাগেরহাট-খুলনা মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। পলাতক ট্রাকচালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।
প্রতিনিধি/এলএ