রাজশাহীর মোহনপুরে ট্রাকের চাপায় দুই কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কেশরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো— উপজেলার সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে লিমন (১৬) ও সাঁকোয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে রাতুল মিয়া (১৫)।
মোহনপুর ফায়ার সার্ভিসের লিডার রেজোয়ান মণ্ডল জানান, রাজশাহীগামী এক ড্রামট্রাক পেছন দিক থেকে এক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তিনি বলেন, লিমন ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পর মারা যায় রাতুল। এছাড়া স্বাধীন মিয়া নামে একজন আহত হয়েছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর মরদেহ দুটি থানায় নেওয়া হয়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/টিবি




