জেলা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৬, ১২:৪১ পিএম
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে স্মরণ করে নেত্রকোনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত হয়েছে। সুরের মূর্ছনায় জুলাই বিপ্লবের বীরত্বগাথা ও দেশপ্রেমের গান পরিবেশনের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়। জুলাই অভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগ স্মরণে এই অনুষ্ঠানে শিল্পীরা গেয়েছেন দেশপ্রেম ও বিপ্লবের গান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সোমবার (৩ আগস্ট) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক ও কবি পহেলী দে’র সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানের স্থান পায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল’, ‘চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল’ ও কালজয়ী দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান’ ও ‘আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলা বাজ’। গানগুলোর উদ্দীপনামূলক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ও জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং নেত্রকোনা পৌরসভার প্রশাসক মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আল ইমরান, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন খান মিলকী এবং জেলা কালচারাল অফিসার মো. আতিকুর রহমান।
প্রতিনিধি/টিবি