Dhaka Mail Logo

সারাদেশ

বগুড়ায় এনসিপি নেতার নামে সাইবার সুরক্ষা আইনে মামলা

জেলা প্রতিনিধি

০৪ আগস্ট ২০২৬, ০১:৪০ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের নামে সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় মামলা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) ইব্রাহীম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৯ জুলাই বিকেল ৩টার দিকে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে বাদী ফেসবুকে একটি পোস্ট দেখতে পান। অভিযোগ অনুযায়ী, এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে মানহানিকর ও উস্কানিমূলক মন্তব্য পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে সেটি মুছে ফেলা হলেও এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়েছে, বিষয়টি বাদীসহ বিএনপির একাধিক নেতা-কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পান। দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরে থানায় এসে মামলা দায়ের করা হয়।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।
 
উল্লেখ্য এ ঘটনার পর গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রতিনিধি/এফএ