বগুড়ার শেরপুরে ফুটবল খেলা নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত জামিল শেখ উপজেলা শাহ বন্দেগী ইউনিয়নের শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি ও বিরোধের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামিল শেখ বিবাদ থামাতে মধ্যস্থতা করতে যায়। এ সময় প্রতিপক্ষ শাকিল (২২) নামে এক তরুণ তার ওপর অতর্কিত হামলা চালায় এবং লাথি ও কিল ঘুসি মারে। এতে জামিল গুরুতর আহত হয়ে মাঠে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই শাকিল পলাতক রয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জড়িত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এলএ




