Dhaka Mail Logo

সারাদেশ

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে ব্যক্তি নিহত, আহত ৩

জেলা প্রতিনিধি

০৩ আগস্ট ২০২৬, ০২:০৩ পিএম

পাবনার ঈশ্বরদী উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে সুমন মন্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় ওই চোরের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ভোর রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সুমন মন্ডল। তিনি ওই এলাকার বয়েন মন্ডলের ছেলে। আহতরা হলেন— একই এলাকার হাবিবুল মন্ডল এবং তার দুই ছেলে শাকিল ও সাহান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর ৪টার দিকে হাবিবুল মন্ডলের দোকানে চুরি করতে আসে সুমন। এ সময় হাবিবুল মন্ডল টের পেয়ে গেলে সুমন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় হাবিবের চিৎকারে দুই ছেলে ছুটে এলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওই চোরকে গণপিটুনি দেয়। একপর্যায়ে দড়ি দিয়ে চোরকে বেঁধে রাখা হলে সকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

প্রতিনিধি/টিবি