গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর মিলগেট এলাকার চোর সন্দেহে গণপিটুনিতে শাহ আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত ভোর রাতে সাড়ে ৩টার দিকে টঙ্গীর মিলগেটে নিশাদ নগর বস্তিসংলগ্ন আবুল হোসোনের গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত শাহ আলী (৩০) নিশাদ নগর বস্তি এলাকার সারিকুল ইসলামের ছেলে।
পুলিশের দাবি, রিকশা চুরি করতে গিয়ে ধরা পড়লে জনতা তাকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। তবে পরিবারের লোকজন বলছেন, বাসা থেকে ডেকে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ভোর রাতে স্থানীয় আবুল হোসেনের গ্যারেজে রিকশা চুরির সময় শাহ আলীকে স্থানীয় জনতা হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তবে নিহতের স্বজনদের দাবি, ভোররাতে কে বা কারা শাহ আলীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পূর্ব শত্রুতার জেরে বাসা থেকে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে দাবি তাদের।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, শাহ আলী একজন চিহ্নিত চোর ও ছিনতাইকারী। সে রিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে ও গণপিটুনিতে মারা যায়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এজে




