Dhaka Mail Logo

সারাদেশ

টেকনাফে বাস থামিয়ে বিকাশের টাকা লুট, গুলিবিদ্ধ সেলস রিপ্রেজেন্টেটিভ

জেলা প্রতিনিধি

০২ আগস্ট ২০২৬, ০৫:৪১ পিএম

কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার মহাসড়কে দিনদুপুরে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় বিকাশের এক সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় বিকাশের তিন সেলসম্যানের কাছ থেকে ব্যবসায়িক লেনদেনের প্রায় ৬০ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে লুট হওয়া টাকার পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২ আগস্ট) দুপুর ২টার দিকে টেকনাফ স্থলবন্দরসংলগ্ন ১৪ নম্বর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

বিকাশের এজেন্ট আবদুর করিম জানান, বিকাশের তিন সেলসম্যান ‘পালকী’ পরিবহনের একটি বাসে করে টেকনাফ বাসস্টেশন থেকে হ্নীলা ও হোয়াইক্যাং এলাকার বিভিন্ন বিকাশ এজেন্টের কাছে টাকা পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে ১৪ নম্বর সেতুর কাছে একদল সশস্ত্র ব্যক্তি সড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে বাসটির গতিরোধ করে।

আরও পড়ুন

নড়িয়ায় স্যুটকেস থেকে বিদেশি রিভলবার ও কার্তুজ জব্দ, আটক ১

এরপর তারা বাসে উঠে বিকাশের সেলস রিপ্রেজেন্টেটিভ আল আরমানকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আল আরমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

27e7de85-0e5d-46bd-b2d7-9edaeed58ac1

খবর পেয়ে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন।

দিনদুপুরে ব্যস্ত টেকনাফ-কক্সবাজার মহাসড়কে এ ধরনের সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার এবং লুট হওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি লুট হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস