জেলা প্রতিনিধি
০২ আগস্ট ২০২৬, ১২:০৬ এএম
হবিগঞ্জের মাধবপুরে ডাকযোগে পাঠানো একটি পার্সেল খুলে ভেতরে কাফনের কাপড় ও প্রাণনাশের হুমকিসংবলিত চিঠি পাওয়ার অভিযোগ করেছেন আদাউর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মীর খোরশেদ আলম। এ ঘটনায় তিনি মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
চেয়ারম্যান মীর খোরশেদ আলম জানান, গত বৃহস্পতিবার ডাকযোগে আদাউর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি পার্সেল আসে। পার্সেলটি খুলে তিনি একটি বেনামি চিঠি ও এক টুকরো সাদা কাপড় দেখতে পান। কাপড়টির ওপর লেখা ছিল ‘কাফনের কাপড়’। চিঠিতে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান মীর খোরশেদ আলম।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছি এবং জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। আমার জানা মতে কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। তারপরও এ ধরনের হুমকির ঘটনায় আমি ও আমার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছি। বিষয়টি থানায় জিডি করেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।
এদিকে শনিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে মীর খোরশেদ আলম হুমকিদাতাদের উদ্দেশে বলেন, তার বিরুদ্ধে কারও কোনো অভিযোগ বা দাবি থাকলে সরাসরি এসে কথা বলতে। ভয়ভীতি দেখানোর পরিবর্তে পরিচয় দিয়ে সামনে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও লেখেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে, ইনশাআল্লাহ। এ ঘটনায় এলাকায়ও নানা আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হুমকির পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এমসি/ ইএইচ