জেলা প্রতিনিধি
০১ আগস্ট ২০২৬, ০৪:৫৬ পিএম
ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত ইলিয়াস শেখ (৩৫) নামে একজন সাইকেলচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত ইলিয়াস শেখ বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বান্দুগ্রাম এলাকার বাসিন্দ বাবু শেখের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে বোয়ালমারী-মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশি মোমিন মার্কেটের সামনে সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল ইলিয়াস শেখের সাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ইলিয়াস শেখ মারা যান।
দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক সোহাগ (১৮) গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী মোটরসাইকেলটি পাশের পুকুরে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। সেটিতে স্থানীয়রা ভাঙচুর চালিয়েছে।
তিনি আরও বলেন, মোটরসাইকেলচালক গুরুতর আহত হওয়ায় চালকের ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন আছে কি না- তা আমরা এখনো জানতে পারিনি। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এলএ