Dhaka Mail Logo

সারাদেশ

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ২

জেলা প্রতিনিধি

৩১ জুলাই ২০২৬, ১২:৫৬ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার আমানগন্ডা ও গাংরা এলাকায় পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের গোরাগোরা গ্রামের আবদুল মতিনের নাতি মুনতাসীর (৯) এবং চিওড়া ইউনিয়নের তেলীগ্রামের বাসিন্দা কাজী বেলালের ছেলে ও কলেজ শিক্ষার্থী কাজী আব্দুল্লাহ আল জাবের (২৪)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমানগন্ডা এলাকায় মায়ের সঙ্গে মহাসড়ক পার হচ্ছিল মুনতাসীর। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার মা রোজিনা আক্তার (৪১) গুরুতর আহত হন।

আরও পড়ুন: স্টেশনে যাত্রীবাহী ট্রেন রেখে চালক উধাও

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আকিব মাহমুদ জানান, আহত রোজিনা আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার বিকেলে মহাসড়কের গাংরা রাস্তার মাথা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার সময় দ্রুতগতির একটি লরির ধাক্কায় কলেজ শিক্ষার্থী কাজী আব্দুল্লাহ আল জাবের গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।