জেলা প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ১২:৩৯ এএম
টাঙ্গাইলের মধুপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নড়াইলে নসিমন উল্টে খাদে, চালক নিহত
তিনি জানান, রাত ১০টার দিকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
ওসি আরও জানান, আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।